২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। সেশনজট কমিয়ে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু এসএসসি নয়, একইভাবে এইচএসসি পরীক্ষার সময়সূচিও আগিয়ে আনার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীদের একাডেমিক ক্যালেন্ডার পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা প্রায় চার মাস আগেই অনুষ্ঠিত হবে, যা দীর্ঘদিনের সেশনজট সমস্যার সমাধানে সহায়ক হবে।
ড. এহছানুল হক মিলন বলেন, করোনা পরবর্তী সময় ও রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষাব্যবস্থার সময়সূচিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। এখন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকার শিক্ষাবর্ষকে পুনরায় নিয়মিত কাঠামোয় ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে।
এই উদ্যোগের ফলে ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে এবং সময়মতো পরীক্ষার মাধ্যমে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।