গ্রাহকদের ব্যাপক অর্থ উত্তোলন, নগদ টাকার তীব্র সংকট এবং চলমান আস্থার চাপে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে আড়াই হাজার কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির শাখা ও এটিএম বুথগুলোতে নগদ অর্থের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উদ্ভূত সাময়িক চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। ইসলামী ব্যাংকের একাধিক নির্ভরযোগ্য সূত্র আজ রোববার এই তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই বিশাল অংকের আর্থিক সহায়তার মূল উদ্দেশ্য হলো সাধারণ গ্রাহকদের আমানত উত্তোলন এবং ব্যাংকের দৈনন্দিন লেনদেন প্রক্রিয়া স্বাভাবিক রাখা, যাতে বাজারে নতুন করে কোনো আতঙ্ক তৈরি না হয়।
এর আগে গত সপ্তাহে তীব্র তারল্য সংকটের কথা জানিয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে জরুরি ভিত্তিতে ১০ হাজার কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা চেয়ে আবেদন করেছিল ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। সে সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতিতে গ্রাহকদের মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হওয়ায় আমানত তুলে নেওয়ার চাপ ব্যাপক হারে বেড়েছে। ফলে ব্যাংকের ভল্ট ও এটিএম বুথগুলোতে নগদ অর্থের জোগান নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের তাৎক্ষণিক ও বড় অঙ্কের সহযোগিতা প্রয়োজন। সেই আবেদনের প্রেক্ষিতেই প্রাথমিকভাবে এই ২ হাজার কোটি টাকা ছাড় করল বাংলাদেশ ব্যাংক।