ক্রীড়া প্রতিবেদক: ম্যাচের বয়স তখন ৫৪ মিনিট চলছে। হামজা চৌধুরির পাস থেকে বক্সের ভেতর বল পেলেন কেসি ম্যাকাটির। একজনকে কাটানোর চেষ্টা করে তিনি বল বাড়ালেন গোলমুখে। সেখানে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বল ফিরল সেই হামজার কাছে। তার পায়ের ছোঁয়ায় বল মাটিতে ড্রপ খেয়ে উঠল একটু ওপরে। সেখান থেকেই তিনি চোখের পলকে করলেন ভলি। বল ছুটল যেন গোলার মতো। দূরের পোস্ট দিয়ে ঢুকে গেল জালে!
অসাধারণ এক গোল করে লেস্টার সিটিকে এভাবেই এগিয়ে দিলেন এই ম্যাচের অধিনায়ক। তবে হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে তার গোলটি শেষ পর্যন্ত রূপ নিল না ম্যাচ জয়ের আনন্দে। ২-২ সমতার পর টাইব্রেকারে ৩-২ গোলে হেরে ইংলিশ ফুটবল লিগ কাপের (ক্যারাবাও কাপ) প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল লেস্টার।
ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে নেমে গেলেও এই ম্যাচে ফেভারিট ছিল লেস্টারই। তাদের জন্য এই ফল তাই হতাশাজনক।ম্যাচের ৬০ শতাংশ সময় বল ছিল লেস্টারের নিয়ন্ত্রণে। কিন্তু গোলের যথেষ্ট সুযোগ তারা তৈরি করতে পারেনি। ১২টি শট গোলে নিলেও লক্ষ্যে ছিল স্রেফ ৩টি। হাডার্সফিল্ড লক্ষ্যে রাথে ৬টি শট।
হাডার্সফিল্ডের মাঠে বুধবার প্রথমার্ধে দাপট ছিল লেস্টারের। কিন্তু কার্যকর আক্রমণ তারা করতে পারেননি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে হামজার সেই গোল। রাইট ব্যাক হিসেবে খেলেছেন তিনি এ দিন। মাঠে নেমেছিলেন আর্মব্যান্ড পরে। ১০ বছর আগে লেস্টারের হয়ে পেশাদার ফুটবলে পা রাখা হামজা অবশ্য আগেও দলটির আর্মব্যান্ড পেয়েছেন।
পেশাদার ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারে হামজার এটি মাত্র দ্বিতীয় গোল। ক্যারিয়ারজুড়ে ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা ডিফেন্সে খেলা ফুটবলার প্রথম গোলটি করেছিলেন লেস্টারের জার্সিতেই ২০২০ সালের জানুয়ারিতে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে বক্সের বাইরে থেকে বল জালে জড়িয়েছিলেন তিনি।
হাডার্সফিল্ড সমতায় ফেরে ৬৫তম মিনিটে। ডিওন চার্লসের পেনাল্টি বাঁদিকে ঝাঁপিয়ে দারুণভাবে ফিরিয়ে দেন লেস্টারের গোলকিপার ইয়াকুব স্তোলারচিক। কিন্তু ফিরতি বল হেড করে জালে পাঠান ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্ট।
তিন মিনিট পরই আবার এগিয়ে যায় লেস্টার। বদলি নামা স্টেফি মাভিডিডির পাসে বক্সের কোণা থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন হ্যারি উইঙ্কস। কিন্তু এবারও সমতা ফেরায় হাডার্সফিল্ড। ৭৬তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে ফাঁকা জায়গা পেয়ে দুর্দান্ত শটে গোল করেন ক্যামেরন আশিয়া।
টাইব্রেকারে লেস্টারের ম্যাকাটির ও জর্ডান আইয়ুর শট ঠেকান হাডার্সফিল্ডের গোলকিপার লি নিকোলস, বিলাল আল খান্নুস বল মারেন পোস্টে। লেস্টারের পথচলা শেষ তাই লিগ কাপের শুরুতেই।এই ম্যাচ হারার আগে ইংলিশ চ্যাম্পিয়নশিপে অবশ্য গত রোববার জয় দিয়ে মৌসুম শুরু করেছে লেস্টার।