https://www.a1news24.com
,

আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগেরহাটে আইনজীবীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোটার,বাগেরহাট: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নানা নৈরাজ্যকর কর্মকাণ্ড, বিশেষ করে গোপালগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়ে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আদালত এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ওহিদুজ্জামান দিপু-র সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন হাওলাদার, পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহবুব মোর্শেদ লালন, জিপি শেখ মহসিন আলী,এ্যাড.শেখ মোসারফ হোসেন মন্টুসহ জেলা আইনজীবী ফোরাম ও আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ ওহিদুজ্জামান দিপু বলেন, “স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে আজও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা রাষ্ট্রের অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে এবং তারই অংশ হিসেবে গোপালগঞ্জে নৈরাজ্যের অপচেষ্টা চালানো হয়েছে। দেশের সাধারণ মানুষ ও সচেতন সমাজ এই অপতৎপরতা আর বরদাশত করবে না।”

তিনি আরও বলেন, “অতীতে বাগেরহাটের মাটিতে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তাঁর পুত্র শেখ তন্ময়ের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী মানুষ চরম ভীতি ও শঙ্কার মধ্যে জীবন কাটিয়েছেন। এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন না করে বিভিন্ন ক্ষেত্রে লুটপাট ও নিপীড়ন চালানো হয়েছে। এ ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও জনবিরোধী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অতীতের সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনানুগ জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

বক্তারা বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কাছে দেশবাসী মাথা নত করবে না। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জেলা আইনজীবী সমিতি ও আইনজীবী ফোরামের বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

আরো..