কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় পুলিশের বিশেষ অভিযানে টেপামধুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি (৫০) এবং চাঞ্চল্যকর রতন হত্যা মামলার পলাতক আসামি মতিয়ার রহমান (৪৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলার রাজীব গ্রামের নিজ বাড়ে থেকে সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকে এবং ঢাকার সাভার এলাকা থেকে রতন হত্যা মামলার আসামি মতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম শফি বিভিন্ন সময় গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ বাদল কুমার মণ্ডল জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।