https://www.a1news24.com
,

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর ছেলে জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে এই পদে পুনর্নিয়োগ দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড ও কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আইসিসির পরিচালকদের পক্ষ থেকে তার নাম প্রস্তাব করা হয়। সংস্থাটির মতে, জয় শাহর নেতৃত্বের ওপর বোর্ডের দৃঢ় আস্থার প্রতিফলন এই পুনর্নিয়োগ।

একই সঙ্গে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে ধারাবাহিক নেতৃত্ব নিশ্চিত করবে এ সিদ্ধান্ত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিশ্বজুড়ে ক্রিকেটের বিস্তার বাড়ানো, সমর্থকগোষ্ঠী সম্প্রসারণ এবং বাণিজ্যিক সাফল্য অর্জনের দিকে নজর দিচ্ছে আইসিসি। বোর্ডের অব্যাহত আস্থার জন্য কৃতজ্ঞতা জানিয়ে জয় শাহ বলেন, আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য একই সঙ্গে সম্মানের ও বড় দায়িত্বের বিষয়। তার মতে, ক্রিকেট এখন এক রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছে। বিশেষ করে ২০২৮ সালে লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন এ খেলার জন্য বড় মাইলফলক। এর মধ্য দিয়ে নতুন দর্শকের কাছে ক্রিকেট পৌঁছানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার সুযোগ তৈরি হবে।

আইসিসির এক বিবৃতিতে জয় শাহ বলেন, আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। অব্যাহত আস্থা ও সমর্থনের জন্য প্রত্যেক পরিচালকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ এগিয়ে নিতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আইসিসির শীর্ষ পদে দায়িত্ব নেয়ার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ছিলেন জয় শাহ। সামনের দিনগুলোর পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, আইসিসির লক্ষ্য শুধু সফল টুর্নামেন্ট আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। খেলোয়াড়, সমর্থক ও বাণিজ্যিক অংশীদারদের সহায়তার মাধ্যমে ক্রিকেটের আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় সংস্থাটি।

মানুষকে একত্রিত করার ক্ষেত্রে ক্রিকেটের শক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, বড় পরিকল্পনাগুলো বাস্তবায়ন করাই তার অগ্রাধিকার। এর মধ্য দিয়ে খেলাটির জন্য দীর্ঘস্থায়ী অবদান রেখে যেতে চান তিনি। জয় শাহ আরও বলেন, আমরা আমাদের খেলাধুলার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে প্রবেশ করছি। ২০২৮ সালের লস অ্যানজেলেস অলিম্পিক গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে আমাদের খেলা তুলে ধরার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, সফল আয়োজন নিশ্চিত করার বাইরেও আমাদের দায়িত্ব অনেক বিস্তৃত। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের কথা মাথায় রেখে খেলাটির আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

জয় শাহ আরও বলেন, আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সমর্থন নিয়ে আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাকে বাস্তবে রূপ দেয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অবদান হয়ে থাকবে।

আরো..