https://www.a1news24.com
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩৮

ইরানের নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ট্রাম্প, পরমাণু ইস্যুতে উত্তেজনা বাড়ছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দেয়া নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানের পরমাণু কর্মসূচি বিষয়টি নতুন প্রস্তাবে যথাযথ গুরুত্ব পায়নি।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবটি ভালোভাবে গ্রহণ করেননি এবং বিষয়টি নিয়ে তিনি নিরাপত্তা উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন।

সূত্র অনুযায়ী, ইরান সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে তিন ধাপে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে প্রথমে যুদ্ধ পুরোপুরি বন্ধের কথা বলা হয়েছে এবং ইরান ও লেবাননে আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা চাওয়া হয়েছে।

দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালির ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক বাণিজ্যপথ নিয়ে আলোচনা করার প্রস্তাব রাখা হয়েছে। আর তৃতীয় ধাপে যুদ্ধ-সংক্রান্ত সব পক্ষ সমঝোতায় পৌঁছালে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু করার কথা বলা হয়েছে।

গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। এরপর নতুন করে আলোচনার উদ্যোগ নেয় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানসহ কয়েকটি পক্ষ।

বিশ্লেষকদের মতে, ইরানের নতুন প্রস্তাব মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মোড় আনতে পারে, তবে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

আরো..