ভারতের ওড়িশার ভুবনেশ্বরে চলমান বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে বাংলাদেশের পদকপ্রাপ্তির ধারায় যুক্ত হলো আরও একটি পদক। প্রতিযোগিতার তৃতীয় দিনে নারীদের শটপুটে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের জাকিয়া সুলতানা।
শুক্রবার (২৭ নভেম্বর) কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪ কেজি ওজনের শটপুট ফাইনালে ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হন জাকিয়া।
নিজের পঞ্চম প্রচেষ্টায় এই দূরত্ব অর্জন করেন তিনি। ছয়টি প্রচেষ্টার মধ্যে এটিই ছিল তার সেরা পারফরম্যান্স।
এই ইভেন্টে স্বর্ণ ও রৌপ্য পদক জিতেছেন ভারতের দুই অ্যাথলেট। ১৫.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ জেতেন আনশু। ১৪.৫৯ মিটার ছুড়ে রৌপ্য পান রিয়া ভার্মা।
একই ইভেন্টে বাংলাদেশের অপর প্রতিযোগী মিনু খাতুন ৮.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে সপ্তম স্থান অর্জন করেন।