স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির বিদায়ের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি উঠবে কার গায়ে? ফুটবলপ্রেমীদের মনে এখন এই প্রশ্ন। আলোচনায় সবচেয়ে বেশি উঠে আসছে তরুণ মিডফিল্ডার নিকো পাজের নাম। কোস্টারিকার বিপক্ষে জোড়া গোল করে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। তবে মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি পরা নিয়ে আপাতত ভাবছেন না পাজ। তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আর্জেন্টিনার হয়ে মাঠে নামতে পারা।
বুধবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোমোর আক্রমণাত্মক মিডফিল্ডার নিকো পাজ। ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন তিনি। জুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজের নেতৃত্বে গড়ে ওঠা দ্রুত পাল্টা আক্রমণ থেকে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন পাজ। বিরতির ঠিক আগে ডান পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দুই পায়ে সমান দক্ষতার প্রমাণ দিয়ে প্রথমার্ধেই ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন এই তরুণ।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে পাজ বলেন, ‘আমি খুব খুশি। এই জার্সির প্রতিনিধিত্ব করতে পারা সবচেয়ে বড় ব্যাপার। বিশেষ করে আজকের মতো দিনে, যখন এত মানুষ ও এত ভালোবাসা পেয়েছি।’
এখন আর্জেন্টিনার হয়ে ১৮ নম্বর জার্সিতে মাঠে নামেন পাজ। কিন্তু মেসির অবসরের পর ১০ নম্বর জার্সি কে পরবেন, সেই আলোচনায় তার নাম ক্রমেই জোরালো হচ্ছে। জাতীয় দলের হয়ে সাম্প্রতিক পাঁচ ম্যাচে পাঁচ গোল করেছেন এই মিডফিল্ডার। ২০২৬ বিশ্বকাপের পর বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষেও গোল পেয়েছেন তিনি।
এমন পারফরম্যান্সের পর মেসির ১০ নম্বর জার্সি পাজের গায়ে দেখার প্রত্যাশা করছেন অনেকেই। তবে বিষয়টি নিয়ে নিজে ভাবছেন না বলে জানিয়েছেন তিনি।
পাজ বলেন, ‘সত্যি বলতে, এসব নিয়ে আমি ভাবি না। আমার ভাবনা হলো, আজকের মতো দিনগুলো উপভোগ করা, মাঠে আনন্দ করা। কারণ, ফুটবল খেলতেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। জাতীয় দলের হয়ে খেলা এবং এত মানুষের প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে অনেক বড় ব্যাপার। এ কারণেই আমি খেলি, এভাবেই চালিয়ে যেতে চাই।’
পাজের মুখে ১০ নম্বর জার্সি নিয়ে আগ্রহ না দেখালেও সতীর্থদের কেউ কেউ তাকে এই জার্সিতে দেখতে চান। বলিভিয়ার বিপক্ষে আগের এক জয়ের পর গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘নতুন ১০ নম্বর’ বলে ইঙ্গিত দিয়েছিলেন।
তথ্যসূত্র- গোল ডটকম