স্পোর্টস ডেস্ক: আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। আসন্ন ম্যাচ দুটির জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন স্বল্পমেয়াদে দায়িত্ব পাওয়া ফরাসি কোচ এরিক মারে। সবশেষ এশিয়ান গেমসে খেলা স্কোয়াড থেকে ছয়টি পরিবর্তন এনে নতুন দল সাজিয়েছেন তিনি। আগামী ১ ও ৫ ডিসেম্বর ম্যাচ দুটি খেলতে ২৯ নভেম্বর সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বে দল।
আগের স্কোয়াডের ১৭ জনকে ধরে রেখে ছয় নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন— গোলকিপার হুমায়রা আক্তার হিমি, ডিফেন্ডার আইরিন খাতুন জুনিয়র, সিনহা জাহান শিখা, স্বপ্না রানী, সৌরভী আকন্দ প্রীতি ও আলপি আক্তার। প্রথমবারের মতো সিনিয়র জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় থাকা হিমি ও আইরিন জুনিয়রের জন্য এই সফর বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে।
এদিকে প্রধান কোচ পিটার বাটলার ক্যান্সারের চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ায় স্বল্পমেয়াদে নারী দলের দায়িত্ব পান মারে। গত ৯ নভেম্বর ঢাকায় এসে প্রস্তুতি তদারকি শুরু করেন তিনি। এর আগে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে প্রায় তিন সপ্তাহ অনুশীলন করেছিল দল। ঢাকায় ফেরার পর গত রোববার থেকে জাতীয় স্টেডিয়ামে নতুন কোচের অধীনে অনুশীলন চলছে।
নতুন দায়িত্বে এসে খেলোয়াড়দের মান নিয়ে ইতিবাচক ধারণা পেয়েছেন মারে। তার চোখে, বাংলাদেশের মেয়েরা কারিগরি দিক থেকে দক্ষ এবং ভালো ফুটবল খেলার সামর্থ্য রাখে। অনুশীলনে কৌশলগত বিষয়গুলোও দ্রুত বুঝে নিচ্ছেন তারা। তবে দলের খেলার ধরনে আরও উন্নতির জায়গা রয়েছে বলে মনে করেন কোচ। সিঙ্গাপুরকে সহজ প্রতিপক্ষ ভাবছেন না মারে।
অতীতে ঢাকায় সিঙ্গাপুরকে ৬-০ গোলে হারালেও এবার সতর্ক অবস্থানে বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া দলটির সাম্প্রতিক উন্নতি ও প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তির কারণে প্রতিপক্ষকে সমীহ করছেন কোচ ও অধিনায়ক মারিয়া মান্দা। তবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলে দুটি ম্যাচেই জয় তুলে নিতে চায় বাংলাদেশ।
সিঙ্গাপুর সফরের ২৩ সদস্যের বাংলাদেশ দল:
গোলকিপার: রুপনা চাকমা, মিলি আক্তার ও হুমায়রা আক্তার হিমি।
ডিফেন্ডার: আইরিন খাতুন, সিনহা জাহান শিখা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আইরিন খাতুন জুনিয়র, কোহাতি কিসকু, আফঈদা খন্দকার ও সুরভী আক্তার আফরিন।
মিডফিল্ডার: মারিয়া মান্দা (অধিনায়ক), মোসাম্মৎ সাগরিকা, মমিতা খাতুন, শাহেদা আক্তার রিপা, মনিকা চাকমা ও স্বপ্না রানী।
ফরোয়ার্ড: সৌরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার জুনিয়র, আলপি আক্তার, তহুরা খাতুন, আনিকা রানিয়া সিদ্দিকী ও ঋতুপর্ণা চাকমা।