https://www.a1news24.com
,

২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে ছয় সদস্যের বাংলাদেশ দল

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ২ থেকে ৯ ডিসেম্বর ২০২৬ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬) । অনূর্ধ্ব-১৬ বছর বয়সীদের এই বিজ্ঞান-মেধার আন্তর্জাতিক আসরে বিশ্বের প্রায় ৫০টি দেশের শিক্ষার্থীরা অংশ নেবে। এবার এই আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬)-এর মাধ্যমে নির্বাচিত ছয়জন শিক্ষার্থী।

দলের সদস্যদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে আজ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান। আইজেএসও দলের সদস্যরা হলো— ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী কাজী সুনেহ্‌রা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাশওয়ান হক মাহির।

দলের প্রধান দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়কারী মো. রেজাউল ইসলাম এবং একাডেমিক সমন্বয়কারী ফারজানা আক্তার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান, সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী ও কোষাধ্যক্ষ নাসির খান।

আগামী ২৯ নভেম্বর সোফিয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। উল্লেখ্য, ২ ডিসেম্বর উদ্বোধনী পর্বের মাধ্যমে শুরু হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড। আইজেএসও বাংলাদেশ দলের সদস্য আহমেদ সাদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এবারের আইজেএসও দলের ট্রেনিং এক্সপেরিয়েন্সটা অনেক মজার ছিল। ব্যবহারিক অনেক কিছু শিখতে পেরেছি। এতে আমার কনফিডেন্স অনেক বেড়েছে। এবার আইজেএসও-তে সিলভার পদক পাওয়ার আশা নিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ, সামনের বছর গোল্ড পাওয়ার প্রস্তুতি নিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে মুনির হাসান বলেন, “ আমরা আইজেএসও-তে এই পর্যন্ত সিলভার ও ব্রোঞ্জ পদক মিলিয়ে ৪৫ টা পদক অর্জন করেছি। কিন্তু এখনো গোল্ড পদক পাওয়া হয়নি। আশা করি আমাদের দল এবার গোল্ড পদক নিয়ে আসবে। দলের প্রধান দলনেতা ড. ফারসীম মান্নান মোহাম্মদী বলেন “ এবারে দলের ভিসা পাওয়াটা বেশ চ্যালেঞ্জিং ছিল কিন্তু বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে অনেক সহযোগিতা করেছে। সেজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “তোমরা কিন্তু আইজেএসও-তে ব্যক্তি পরিচয়ে যাচ্ছো না। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছো। সেজন্য তোমরা দেশের মর্যাদা অক্ষুন্ন রাখবে ও ভাল ফলাফল নিয়ে আসবে এটাই আমাদের প্রত্যাশা ”। অংশগ্রহণকারী মারজানা মানহার মা রোকসানা রহমান বলেন, “বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি খুবই আন্তরিকতা দিয়ে এই দলকে প্রস্তুত করেছে ও ভিসার জন্য কাজ করে গেছে। এজন্য তাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আর বাংলাদেশ দলের প্রতি অনেক শুভকামনা।

এবছর গত ২৮ আগস্ট রাজধানীর উত্তরার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) অনুষ্ঠিত হয় ১২তম বিডিজেএসও-এর জাতীয় পর্ব। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয় আইজেএসও ২০২৬-এর বাংলাদেশ দল। নির্বাচিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক আসরের জন্য প্রস্তুত করতে গত ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) বিশেষ প্রস্তুতিমূলক ক্যাম্প অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. নুরুজ্জামান খান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, লুজিয়ানা স্টেট ইউনিভার্সিটির স্টাফ সায়েন্টিস্ট ড. মো মনিরুজ্জামান ও মাকসুদুল আলম বিজ্ঞানাগারের মেন্টররা অনলাইনে ও সরাসরি বাংলাদেশ দলের প্রস্তুতিমূলক ক্যাম্পে প্রশিক্ষণ প্রদান করেন।

উল্লেখ্য, ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২৬) যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। আন্তর্জাতিক পর্বে অংশ নিতে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক। প্লাটিনাম স্পনসর হিসেবে ছিল আনিসুল হক ফাউন্ডেশন। পুরো আয়োজনে সহযোগিতায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), ম্যাসল্যাব, রকমারি ডটকম, এসিআই অদম্য মেধাবী ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। মিডিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টিভি, বিজ্ঞানচিন্তা এবং কিশোর আলো।

আরো..