https://www.a1news24.com
,

মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতি সরকারের দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় শেখ হাসিনার কথিত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দায়ের করা একটি পুরোনো মানহানির মামলায়, হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও, সেই মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এটি জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত।

তিনি বলেন, যে মাহমুদুর রহমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য নির্যাতন, কারাবরণ ও অসংখ্য মামলার শিকার হয়েছেন, তাঁর ক্ষেত্রেও যদি পুরোনো নিপীড়নমূলক মামলার বোঝা বহাল থাকে, তাহলে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের দাবি অর্থহীন হয়ে পড়ে।

ডাঃ ইরান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ক্ষমতাসীনদের দায়ের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করে পরোয়ানা তামিলের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে। একই সঙ্গে সরকারের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

তিনি অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এই বৈপরীত্য গণতন্ত্রকামী জনগণের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করবে। প্রেস বিজ্ঞপ্তি

আরো..