https://www.a1news24.com
,

গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী মিমি, পাত্র কে

কয়েক দিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল যে, বিয়ে করতে যাচ্ছেন টালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কেননা, এর আগে তার কিছু ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেসব ছবির কোনোটায় দেখা যায় বিয়ের কাগজে সই করছেন বর, আবার কোনো ছবিতে আংটি পরাতে দেখা গেছে মিমিকে।

এবার সব চর্চা কাটিয়ে নিজের বিয়ের ছবি প্রকাশ করেছেন কলকাতার এই অভিনেত্রী। পাত্রের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তারা। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে বিয়ের সত্যতা জানিয়েছেন মিমি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জীবনের এই বিশেষ দিনে নজরকাড়া সাজে সেজেছিলেন মিমি। আইনি বিয়ের জন্য সাবেকি লাল বা উজ্জ্বল রঙের পরিবর্তে বেশ স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে সেজেছিলেন। অফ-হোয়াইট রঙের একটি সূক্ষ্ম কারুকাজ করা পোশাক, হাতায় ও গলায় সোনালি জরি ও মুক্তার ভারী এমব্রয়ডারি ছিল। আর তার সঙ্গে রঙের মিল রেখেই আইভরি ও সোনালি কাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন বর।

এ সময় নতুন কনের কানে পান্না ও সোনালি ঝুমকো, হাতে মুক্তা ও স্বর্ণের ভারী বালা এবং খোলা চুলে সোনালি ও সবুজ পাথরের হেয়ার অ্যাকসেসরিতে বেশ অনন্যা দেখাচ্ছিল টালি তারকাকে। ফুলের সাজের সামনে কপালে কপাল ঠেকিয়ে দু’জনে আংটিবদলের রোমান্টিক ও আবেগঘন মুহূর্তের ছবিও ছড়িয় পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নিজেদের মুখের স্পষ্ট কোনো ছবি প্রকাশ করেননি তারা।

জানা গেছে, বর সিদ্ধার্থ পেশায় মেরিন ইঞ্জিনিয়ার হলেও তার পরিবারের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এদিকে বিয়ের কাজ সেরেই নিজের প্রিয় পশু ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়ে বাড়ি ফিরেন অভিনেত্রী। একজন পশুপ্রেমিক হওয়ার কারণেই মূলত এমন বিশেষ দিনে পোষ্য কুকুরকে কাছে টানতে ভুলেননি।

এরপর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে খুনসুটি করতেও বাদ রাখেননি মিমি। অনুষ্ঠানের বাইরে অপেক্ষারত পাপারাজ্জি ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্যতা বজায় রাখেন। বাড়ি ফেরার পথে গাড়িতে ওঠার সময় হাসিমুখে সবার দিকে হাত নেড়ে বলেন, ‘থ্যাংক ইউ সো মাচ।’ তাদের জন্য বিশেষ মিষ্টির থালাও পাঠান।

জানা গেছে, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাকে ঘুরবেন সিদ্ধার্থ ও মিমি। আগামী ৫ ডিসেম্বর সেই দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৩ ডিসেম্বর থেকেই কালিম্পং-এ প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তারপর সেখান থেকে ফিরে ১২ ডিসেম্বর টালিপাড়ার বন্ধুদের নিয়ে কলকাতায় রিসেপশনের আয়োজন করবেন এ অভিনেত্রী।

আরো..