কানাডায় বসবাসরত বাংলাদেশী প্রবাসী সংগঠন ‘বৃহত্তর টুকের বাজার অ্যাসোসিয়েশন অব টরন্টো’-এর উদ্যোগে বাংলাদেশ ও লন্ডন থেকে সংক্ষিপ্ত সফরে আসা চার বিশিষ্ট অতিথি এবং পিআর (স্থায়ী রেসিডেন্সি) লাভকারী সংগঠনের এক সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ‘খাজানা কুইন’ রেস্টুরেন্ট হলরুমে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আদিল হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক আমির সাগর এবং সহ-সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।একই সঙ্গে কানাডায় নতুন পিআর অর্জন করায় সংগঠনের সদস্য তারেক আহমদ-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্য থেকে অনুভূতি ও শুভেচ্ছা ব্যক্ত করে বক্তব্য রাখেন, কান্দিগাঁও গ্রামের লন্ডন প্রবাসী সায়েস্তা মিয়া, কানাডার মন্ট্রিঅলে বসবাসরত শাহপুর গ্রামের আব্দুল গফুর পেশকার, ভগবতীপুর গ্রামের বিশিষ্ট ব্যাংকার শাহাদাত হোসেন চৌধুরী, টুকেরগাঁও গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলী আহমদ।
এছাড়া সংগঠনের সার্বিক কার্যক্রম ও সংবর্ধিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুম তালুকদার, সহ-সভাপতি শাকের মিয়া এবং সাংগঠনিক সম্পাদক আখলু মিয়া। অনুষ্ঠানের প্রারম্ভে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রচার সম্পাদক নয়ন আহমদ, জাবেদা মিয়া, খালেদ আহমেদ, সালেখ আহমদ, ফজলুল করিম ফয়েজ ও শফিক আহমদ।
অনুষ্ঠানে কমিউনিটির বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সভাপতি আদিল হোসেন তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রবাসে নিজেদের ঐক্য ও ঐতিহ্য বজায় রাখার আহ্বান জানান। পরিশেষে আব্দুল গফুর পেশকার-এর পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংবর্ধনা সভার সমাপ্তি ঘটে।