https://www.a1news24.com
,

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে দেশে অস্থিরতার শঙ্কা, কূটনৈতিক চাপে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তার এই ঘোষণাকে আগের তুলনায় বেশি গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। অন্যদিকে হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে কূটনৈতিক জটিলতায়।

শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ৭৯ বছর বয়সী শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসানের পর দিল্লিতে পালিয়ে যান। সম্প্রতি তিনি বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন।

হাসিনা তার এক মুখপাত্রের মাধ্যমে দেশে ফেরার জন্য দিল্লি থেকে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলপথে সীমান্ত পেরিয়ে দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে তার।

হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিন বিবিসিকে বলেছেন, ‘প্রয়োজনে শেখ হাসিনা হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত’।

আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারত-বাংলাদেশ সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন বলেও দাবি করে তিনি আরও বলেন, ‘এটি একটি সুচিন্তিত ও নির্দিষ্ট পরিকল্পনা। বিষয়টি গুরুতর।’

তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে তিনি ফিরে এলে তাকে অবিলম্বে গ্রেফতার করা হবে এবং মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, ‘বাস্তবতা ও আকাঙ্ক্ষা এক বিষয় নয়। শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন; তাকে হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব’।

অন্যদিকে বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। তবে তার স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি আলাদা হিসেবে বিবেচিত হবে।

রাজনৈতিকভাবে সক্রিয় আওয়ামী লীগ?
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঢাকার অনেকেই কেবল দেশে ফেরার প্রতিশ্রুতি হিসেবে দেখছেন না।

তাদের ধারণা, এর মাধ্যমে সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের অবস্থান পরীক্ষা, রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগকে আবার সামনে নিয়ে আসা এবং অভ্যুত্থানের সময় একজোট হওয়া দলগুলোর মধ্যে বিভেদ কাজে লাগানোর চেষ্টা করছেন সাবেক প্রধানমন্ত্রী।

হাসিনার সহযোগী অরিনের দাবি, নির্বাসনে থেকেও তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং এমন একটি নেটওয়ার্ককে বাঁচিয়ে রেখেছেন যা নির্বাসন থেকে টিকিয়ে রাখা কঠিন হতো।

তিনি বলেন, টেলিগ্রামে অডিও কথোপকথনের মাধ্যমে গত ১৮ মাসে ৩০০টির বেশি বৈঠক করেছেন হাসিনা। এসব বৈঠকে দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় এলাকার নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। এই সভাগুলোর মাধ্যমে হাসিনা সরাসরি দলীয় কর্মীদের কথা শুনতে, তাদের অভিযোগ জানতে এবং মাঠ পর্যায়ে কী ঘটছে তা বুঝতে পারেন।

শেখ হাসিনা এই সভাগুলো থেকে নেতাকমীদের ব্যপক সাড়া পেয়েছেন দাবি করে অরিন আরও বলেন, ‘তাকে স্বাগত জানাতে প্রয়োজনে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ৫০ লাখ মানুষকে জড়ো করে মানবপ্রাচীর গড়ে তুলতে পারবে আওয়ামী লীগ। সেটা বাস্তবায়নের সাংগঠনিক সক্ষমতা আমাদের আছে।’

তবে বিবিসি বলছে, এই দাবি উচ্চাভিলাষী হতে পারে। আওয়ামী লীগের লাখো সমর্থক থাকলেও দলটি নিষিদ্ধ এবং মূলধারার রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। দলের অনেক নেতা বিদেশে, কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে এবং অনেককে গ্রেফতার করা হয়েছে।

এরপরও বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমর্থকেরা ঝটিকা মিছিল ও বিক্ষোভ করছেন। সাম্প্রতিক মাসগুলোতে এসব কর্মসূচি আরও ঘন ঘন ও সংঘাতপূর্ণ হয়ে উঠেছে। কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে কিছু ঘটনার দায় কারা ঘটিয়েছে, তা নিয়ে বিতর্ক রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসিনার পৈতৃক জেলা গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষকে বিশেষ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আওয়ামী লীগের সমর্থকেরা পুলিশ স্টেশনে হামলা, যানবাহনে আগুন এবং বিএনপি নেতাদের বাড়ি ও কার্যালয়ে হামলা চালিয়েছেন। সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করার ঘটনাও ঘটেছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গায় অংশ নিয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জন সরাসরি অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বলে সংস্থাটি জানিয়েছে।

তবে দলটির বিক্ষোভ ও সংঘাত ঘটানোর সক্ষমতা যে দেশজুড়ে ব্যাপক রাজনৈতিক পুনরুত্থানের প্রমাণ, তা নয় বলে মনে করছেন বিশ্লেষকেরা।

অনেকেই মনে করেন, হতাশ ও বিপর্যস্ত নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে রাজনৈতিক আলোচনায় আওয়ামী লীগ আবার জায়গা করে নিয়েছে—এটিকে দলটির একটি রাজনৈতিক অর্জন হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।

রাজনৈতিক বিভাজনের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ?
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ও ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম বিবিসিকে বলেছেন, অভ্যুত্থানের সময় তৈরি হওয়া ঐক্যের মধ্যে ফাটলকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ।

তার মতে, জুলাই সনদ, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং গণভোট নিয়ে মতপার্থক্য নির্বাচিত বিএনপি সরকার ও জামায়াতে ইসলামী এবং তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে বিভাজন বাড়িয়েছে। আওয়ামী লীগ এই পরিস্থিতিকে রাজপথে সক্রিয় হওয়ার সুযোগ হিসেবে দেখছে।

তবে বিশ্লেষকরা বলছেন, হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি রাজনৈতিক বৈরিতাও আরও বাড়তে পারে। সরকার সাম্প্রতিক সহিংসতাকে সন্ত্রাসবাদ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে আওয়ামী লীগের সমর্থকেরা তাদের কর্মসূচিকে শান্তিপূর্ণ দাবি করে সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলছেন।

বিবিসির প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে বাংলাদেশ দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা বজায় রাখতে পারবে কি না।

ভারতও পড়েছে কূটনৈতিক চাপে
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের জন্য পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। হাসিনার প্রকাশ্য বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। সম্পর্ক স্বাভাবিক করতে ভারত বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা ও দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনার উদ্যোগ নিলেও দুই দেশের সম্পর্কে টানাপোড়েন রয়ে গেছে।

বিবিসি জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার প্রায় ১০ মাস পার হলেও এখনো ভারত সফর করেননি। গত আগস্টে তার ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ বাধাগ্রস্ত হয়।

লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়াল মনে করেন, হাসিনার সর্বশেষ ঘোষণা ঢাকার ওপর সিদ্ধান্ত নেওয়ার চাপ বাড়িয়েছে, দিল্লির ওপর নয়।

তিনি বলেন, গত ১০ মাসে তারেক রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে মনে করে দিল্লি। মন্ত্রী পদমর্যাদার একজন রাজনীতিককে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে নতুন করে আলোচনার প্রস্তাব—সব ধরনের প্রচেষ্টাই চালানো হয়েছে বলে ভারতের ধারণা। তবে সেসব উদ্যোগ সফল না হওয়ায় দিল্লি হতাশ হয়েছে।

তার মতে, দুই দেশের সম্পর্ক যে উত্তেজনাপূর্ণই থাকবে, দিল্লি হয়তো এখন এমন ধারণা থেকে সিদ্ধান্ত নিচ্ছে। এ কারণে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করা থেকে হাসিনাকে বিরত রাখার প্রয়োজনীয়তা ভারত ততটা অনুভব করছে না।

পালিওয়ালের ধারণা, ভারতের হাতে হাসিনার ভারতীয় ভূখণ্ডে রাজনৈতিক বক্তব্য দেওয়া সীমিত করার সুযোগ রয়েছে, কিন্তু দেশটি হয়তো সেই ক্ষমতা প্রয়োগ করতে চাইছে না। একই সঙ্গে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ পড়তে দেখাও ভারতের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করেন তিনি।

তবে বিশ্লেষকদের মধ্যে এ বিষয়ে ভিন্ন মত রয়েছে।

শফিকুল আলমের মতে, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ভারত—বাংলাদেশে এমন ধারণা রয়েছে। হাসিনার প্রত্যর্পণ, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে এমন ট্রানজিট সুবিধা নবায়ন না করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে থাকলেও অগ্রগতি না হওয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষক বিবিসিকে বলেছেন, দুই দেশ এখন পারস্পরিক হতাশার মধ্যে আটকে আছে।

তিনি বলেন, হাসিনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা হয়ে রয়েছেন। তবে তাকে ঘিরে থাকা অচলাবস্থা কাটিয়ে সামনে এগোনোর পথও খুঁজতে হবে।

পালিওয়াল মনে করেন, ভারতের জন্য তুলনামূলক কম ক্ষতিকর পরিস্থিতি হতে পারে—হাসিনা দেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হবেন এবং আওয়ামী লীগ নতুন নেতৃত্বের অধীনে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হবে। এতে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরতে পারে এবং ভারতও তার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষার সুযোগ পাবে বলে তাঁর মত।

তবে আপাতত ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত নয়। তার ঘোষণার পরও ঢাকা ও দিল্লি—কোনো পক্ষই বিষয়টি উপেক্ষা করতে পারছে না।

এসিএলইডির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেন, মৃত্যুদণ্ডের মুখে পড়তে হতে পারে বলে হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম; তবে তার বক্তব্য সমর্থকদের উজ্জীবিত করেছে। একই সঙ্গে হাসিনাকে ঘিরে অচলাবস্থা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককেও জটিল করে তুলছে।

সূত্র: বিবিসি

আরো..