https://www.a1news24.com
,

কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম সড়কে থামছে না মৃত্যুর মিছিল

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ কাউনিয়ায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে থামছে না মৃত্যুর মিছিল। প্রায় প্রতিদিনই সড়কের কোনো না কোনো স্থানে ঘটছে দুর্ঘটনা। ঝরছে চালক, যাত্রী ও পথচারীদের প্রাণ। এরই ধারাবাহিকতায় গত রোববার সন্ধ্যায় অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার ভেলুপাড়া বাজারসংলগ্ন একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিমখান বাজারসংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে। তিনি প্রাণ-আরএফএল কোম্পানির ডিলার ছিলেন।

স্থানীয় একটি সূত্র জানায়, রোববার সন্ধ্যায় কোম্পানির একটি সভায় যোগ দিতে সাইফুল ইসলাম মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে রংপুরের উদ্দেশে রওনা হন। পথে কাউনিয়ার ভেলুপাড়া বাজারসংলগ্ন ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে। ফলে একের পর এক ঝরছে তাজা প্রাণ। খবর পেয়ে কাউনিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ বাদল কুমার মন্ডল সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো..