পূজার ছুটিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতির সময় হিসেবে কাজে লাগানোর আহ্বান অধ্যক্ষের
দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে স্কলার্সহোম মেজরটিলা কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক শিক্ষার্থীদের আসন্ন এসএসসি টেস্ট পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পূজার ছুটি শুধু আনন্দ ও অবসর কাটানোর সময় নয়; বরং এটি পড়াশোনার ঘাটতি পূরণ, দুর্বল বিষয়গুলোতে দক্ষতা বৃদ্ধি এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি জোরদার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ছুটির সময়কে যথাযথভাবে কাজে লাগাতে পারলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পথে এগিয়ে যেতে পারবে। শিক্ষার্থীদের ছুটিকালীন পড়াশোনাকে পরিকল্পিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে অধ্যক্ষ প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি খোলা চিঠি ও নির্দিষ্ট পড়াশোনার রুটিন তুলে দেন। চিঠিতে তিনি ছুটির প্রতিটি দিনকে কাজে লাগিয়ে নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও আত্মমূল্যায়নের মাধ্যমে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাঁরা যেন বাড়িতে সন্তানদের জন্য উপযুক্ত পড়াশোনার পরিবেশ নিশ্চিত করেন এবং নির্ধারিত রুটিন অনুসরণে নিয়মিত তদারকি প্রদান করেন। শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত অভিভাবকবৃন্দ অধ্যক্ষের এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে গ্রহণ করেন এবং পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে ছুটিকালীন প্রস্তুতি বিষয়ে মতামত ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, একাডেমিক কো-অর্ডিনেটর এবং শ্রেণিশিক্ষকগণ।-বিজ্ঞপ্তি