মোঃ অহিদ সাইফুল : ঝালকাঠির রাজাপুরে ইয়াবা বেচাকেনার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকাসহ মো. নাছির হাওলাদার ওরফে ‘পাইপ নাছির’ (৪৮) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলা সদরের মডেল মসজিদের দক্ষিণ পাশে রাজাপুর-বাদুরতলা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির হাওলাদার রাজাপুর উপজেলা সদরের ১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড নিবাসী মৃত মিনাজ হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রাতেই নাছির হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, নাছির এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এর আগেও বিভিন্ন সময় মাদক নিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার নাছির হাওলাদারকে বৃহস্পতিবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।