https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৭

মালয়েশিয়ায় তিন কারখানায় অভিযানে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ আটক

মালয়েশিয়ার জোহর রাজ্যে পৃথক অভিযান চালিয়ে তিনটি কারখানা থেকে ১৫৫ বাংলাদেশিসহ ২৩৪ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

মঙ্গলবার জোহরের মুয়ার ও বাতু পাহাত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান এবং অনুমোদিত পাস বা কর্মসংস্থান অনুমতিপত্রের অপব্যবহারের অভিযোগ রয়েছে।

মুয়ারের পারিত জামিল এলাকায় দুটি আসবাবপত্র কারখানায় প্রায় দুই ঘণ্টার অভিযানে ১৭৬ জন পুরুষ বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৭ জন বাংলাদেশি, ২৭ জন নেপালি, দুজন চীনা ও একজন মিয়ানমারের নাগরিক। এ সময় কারখানার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দুই স্থানীয় নারী কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।Geographic Reference

মুয়ার অভিবাসন বিভাগের অভিযানপ্রধান মোহাম্মদ ইজওয়ান ওসমানের নেতৃত্বে সকাল ১১টা থেকে এ অভিযান শুরু হয়। কয়েকজন শ্রমিক পালানোর চেষ্টা করলেও কর্মকর্তারা পুরো কারখানা ঘিরে ফেলায় তারা বের হতে পারেননি।

অন্যদিকে, বাতু পাহাতের জালান আয়ার হিতাম-ইয়ং পেং এলাকায় একটি কাঠের কারখানায় দুপুরের দিকে অভিযান চালানো হয়। সেখানে সাত নারীসহ ৫৮ বিদেশি শ্রমিককে আটক করা হয়। তাদের মধ্যে ২৪ জন মিয়ানমারের, ১৬ জন ভারতের, আটজন বাংলাদেশের, সাতজন চীনের, দুজন নেপালের এবং একজন পাকিস্তানের নাগরিক। অভিযানে এক স্থানীয় লরি চালককেও আটক করা হয়।

বাতু পাহাত অভিবাসন বিভাগের অভিযানপ্রধান ইখমাল ফাউজির নেতৃত্বে ৫৫ জন কর্মকর্তা ও সদস্য অভিযানে অংশ নেন। আটক বিদেশি শ্রমিকদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক শ্রমিকদের বিরুদ্ধে ১৯৫৯ সালের অভিবাসন আইনের বিভিন্ন ধারায় ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক তদন্তে বৈধ ভ্রমণ বা কর্মসংস্থানের নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান এবং নির্ধারিত পাস বা অনুমতিপত্রের অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে।

অভিযান শেষে আটক ২৩৪ বিদেশি শ্রমিককে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জোহরের পেকান নানাস ও পন্তিয়ানের অভিবাসন আটককেন্দ্রে পাঠানো হয়েছে।

আরো..