https://www.a1news24.com
৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৪৫

জুনিয়র এশিয়া কাপ হকি: চীনে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক: এ নিয়ে দ্বিতীয়বার জুনিয়র নারী এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ। ২০২৪ সালে অভিষেক আসরে নবম হয়েছিল তারা। চীনে চলমান এবারের টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ জুনিয়র নারী হকি দল। চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই এলিট রাউন্ডে পা রাখছে লাল-সবুজের মেয়েরা।

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকং চায়নাকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ জুনিয়র নারী হকি দল। এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা চতুর্থ জয়।

ম্যাচের সূচনা থেকেই হংকংয়ের রক্ষণভাগের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। খেলার ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক শারিকা রিমন। এরপর শুরু হয় ফিল্ড গোলের উৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া এবং ২৬ মিনিটে কনা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর আক্রমণের একই ধারা বজায় রাখে বাঘিনীরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমা দলের চতুর্থ গোলটি করেন। এর দুই মিনিট পরই (৩৩ মিনিটে) আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করে হংকংকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে দেন। অবশেষে ৪৮ মিনিটে মোসাম্মত লিমা নিজের ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করলে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এর আগে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে এই আসরের চ্যালেঞ্জার পুলের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ৫-১ গোলে। সবশেষ কাজাখস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। চ্যালেঞ্জার গ্রুপে স্থানের উপর এলিট গ্রুপের বিপক্ষে স্থান নির্ধারণী প্রতিপক্ষ ঠিক হবে।

পুরো টুর্নামেন্ট জুড়ে অনবদ্য ও দাপুটে পারফর্ম করে চ্যাম্পিয়ন হওয়ায় চীনের মাটিতে বাংলাদেশের এই তরুণ হকি দল এখন প্রশংসায় ভাসছে।

আরো..