https://www.a1news24.com
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০

তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চায় জনগণ: জামায়াত আমির

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের ঘোষিত অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চায় দেশের মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এত বড় প্রকল্প বাস্তবায়নে সময় লাগলেও কাজের অগ্রগতি জনগণের সামনে দৃশ্যমান হওয়া প্রয়োজন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। পরে বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় ত্রাণ কার্যক্রমে অংশ নিতে রওনা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জামায়াত দীর্ঘদিন ধরে তুলে আসছে। সরকারও এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম দৃশ্যমান করার সময় এসেছে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বড় হওয়ায় বাস্তবায়নে স্বাভাবিকভাবেই সময় লাগবে। তবে আন্তরিকতা থাকলে কাজের অগ্রগতি ধাপে ধাপে জনগণের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠা উচিত।

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার কথাও তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় পানি জমে মানুষের দুর্ভোগ বাড়ে। নালা-নর্দমা উপচে পড়ে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। এসব সমস্যার কার্যকর সমাধান করা সরকারের দায়িত্ব।

তিনি বলেন, জনগণের ভোগান্তির বিষয়গুলো সরকারের নজরে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জামায়াতে ইসলামী। সেই ধারাবাহিকতায় বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের কাছেও ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

আরো..