https://www.a1news24.com
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১২

শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, আইনি প্রক্রিয়ায় বিচার হবে: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি এও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো মবের মুখোমুখি হতে হবে না।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা হ্যাপি। আমাদের ধরে–বেঁধে আনতে হলো না। উনি এলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।’

শেখ হাসিনা দেশে ফিরলে কী হতে পারে, সে বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, ‘উনি দেশে ফিরে এলে ন্যায়বিচার ফেস করবেন। কোনো মব ফেস করবেন না। উনি কোনো রকম বেআইনি কিছু ফেস করবেন না।’ জাহেদ উর রহমান আরও বলেন, ‘…উনি (শেখ হাসিনা) ন্যায়বিচার করেননি। আমরা ন্যায়বিচার দিয়ে সেটা করব। আসুক, ওনাকে ওয়েলকাম।’

ক্রসফায়ার নিয়ে জাহেদ উর রহমান বলেন, সরকার চাইতে পারে না, আর সরকার চাইলেও পুলিশ সেটা করতে পারে না। কারণ, প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো বেআইনি কাজের জন্য আদিষ্ট হলেও সেটা মানতে বাধ্য নন। তিনি বলেন, ‘উনার (আইজিপি) বক্তব্য যে প্রবলেমেটিক হয়েছে, সেটা তিনি পরবর্তী ব্যাখ্যার মাধ্যমে স্বীকার করে নিয়েছেন এবং সেই অবস্থান থেকে সরে এসেছেন।’

অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আইজিপির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা (সরকারের) থাকেও, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো দেশে নেই, ….এই বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে—তা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, সফরের পরে হয়তো …। তবে আবারো বলি, যখন কেউ তার অবস্থানে অটল থাকছেন না, তখন তার প্রতি একটু বেশি আনকাইন্ড হচ্ছি কি না তার প্রতি?’ ব্যাখ্যা দিয়ে এই ধরনের অবস্থান থেকে রেহাই পাওয়া যায় কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার মনে হয় যায়, কারণ তিনি তার বক্তব্যতে অটল থাকেননি।

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত থেকে কাজ করেছে বলে সামনে আসা তথ্যে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে। তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেগুলোও মানুষ ভালোভাবে নেয়নি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন। চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদ ও অতি ডানপন্থার উত্থান সম্পর্কিত প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে।

আরো..