https://www.a1news24.com
২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৫

হামের উপসর্গে এবং ডেঙ্গুতে একদিনে ১৮ জনের প্রাণহানি

হামের সঙ্গে এবার দেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামের উপসর্গে ৭ জন এবং ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৯৫ জনের শরীরে।

আর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭১ জন। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

ডেঙ্গু
মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই সময়ের মধ্যে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১ জন।

এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০০ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১১ জনের মধ্যে ৬ জনই খুলনা বিভাগের বাসিন্দা।

এর আগে সোমবার (২৫ অক্টোবর) ডেঙ্গুতে সারাদেশে পাঁচজনের মৃত্যু হয়। এদিন আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২১৮ জন। প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

হাম
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয় ১ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয় ৬ জনের। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ১৩৫ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ২৪০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৩২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। মোট ১ হাজার ২৯৫ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।

১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ১ লাখ ৯১ হাজার ৯০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের।

আরো..