https://www.a1news24.com
৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৯

এবার পাকিস্তানে আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান, থাকবে যেসব বিষয়

দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে আবারও আলোচনার টেবিলে ফিরছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই পাকিস্তানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, আগামী ১১ জুলাই পাকিস্তানের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেয়ার বিষয় এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর দেশটির পক্ষ থেকে আলোচনায় অংশ নেয়া প্রতিনিধিদল চূড়ান্ত করা হবে।

এর আগে গত ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্র লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে যুদ্ধ বন্ধে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করে।

পরবর্তীতে ২২ জুন সুইজারল্যান্ডে দুই দেশের কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগের দিন পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে গত বুধবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা পৃথকভাবে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এসব আলোচনায় সমঝোতা স্মারক বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ দ্রুত নির্ধারণ করা হবে।

আরো..