বাংলাদেশ ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম শাখার সদস্য আবু তালহা এক বিবৃতিতে বলেন সরকারি তোলারাম কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর দীর্ঘদিনের পুঞ্জীভূত পরিবহন সমস্যা নিরসনে এক বড় সাফল্য অর্জিত হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখার দীর্ঘদিনের ধারাবাহিক আন্দোলন ও বাসের সংখ্যা বৃদ্ধির দাবির মুখে অবশেষে কলেজ ক্যাম্পাসে নতুন দুটি বাস যুক্ত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জের অন্যতম প্রধান এই বিদ্যাপীঠে শিক্ষার্থীর তুলনায় পরিবহন ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল ছিল। যার ফলে সাধারণ শিক্ষার্থীদের প্রতিদিন কলেজে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। শিক্ষার্থীদের এই দুর্ভোগ লাঘবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন দীর্ঘদিন ধরে প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান, সমাবেশ ও নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছিল।
নতুন বাস যুক্ত হওয়ার বিষয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখার সদস্য আবু তালহা বলেন, “প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর এই বিশাল ক্যাম্পাসে পরিবহন সংকট একটি অভিশাপের মতো ছিল। আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিলাম এবং আমাদের দাবির যৌক্তিকতা আজ প্রমাণিত। দুটি বাস যুক্ত হওয়া আমাদের প্রাথমিক বিজয়, তবে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এই সুবিধা আরও বৃদ্ধি করতে হবে।”
সংগঠনটির পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ প্রশাসনকে এই ইতিবাচক পদক্ষেপের জন্য ধন্যবাদ জানানো হয়েছে। একইসাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সকল ন্যায্য অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সর্বদা সজাগ থাকবে বলে জানানো হয়।