পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবৈধভাবে ড্রাম ভর্তি পেট্রোল ও অকটেন মজুদ করে রাখার দায়ে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে আর্থিক জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত তেল জনসমক্ষে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার কপিলমুনি কলেজ রোডে অবস্থিত মেসার্স খান এন্টারপ্রাইজ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,উক্ত প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর খান দেলোয়ার হোসেন বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (পেট্রোল ও অকটেন) ড্রাম ভর্তি করে দোকানের ভেতরে মজুদ করে রেখেছেন। জননিরাপত্তা ঝুঁকির মুখে ফেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে আর্থিক ৫হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী কেবল জরিমানা করেন এবং জনস্বার্থে জব্দকৃত তেলগুলো উপস্থিত সাধারণ মানুষের মাঝে বিতরণের ব্যবস্থা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোঃ ফজলে রাব্বী বলেন অবৈধ মজুদদারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং নিরাপত্তার নিয়ম লঙ্ঘন করে দাহ্য পদার্থ রাখা দন্ডনীয় অপরাধ। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।