https://www.a1news24.com
২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩৯

আল্লাহভীরু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না : মুজিবুর রহমান হামিদী

বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, যতদিন পর্যন্ত আমরা নিজেরা আল্লাহভীরু হতে না পারব, মুত্তাকী হতে না পারব ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। মাহে রমজানের সিয়াম সাধনার উদ্দেশ্য হচ্ছে আল্লাহভীরুতা বা তাক্বওয়া অর্জন। রমজানে যদি আমরা পাপাচার পরিত্যাগ করত তওবা করে নিজেদের গুণাহ মাফ করাতে না পারি তাহলে হাদীসের ভাষ্য অনুসারে আমাদের ধ্বংস অনিবার্য। হাদীসে এসেছে, এই মাসে একদল ফেরেশতা মানবজাতিকে ‘হে সুপথের পথিক! তোমরা অগ্রসর হও, উন্নতি লাভ কর। হে বিপথের পথিক! তোমরা ক্ষান্ত হও!’ বলে আহবান করতে থাকে। অতএব, আমরা যেন এই মাসকে কোনোভাবেই অবহেলা না করি।

গতকাল (১১ মার্চ ২০২৬ বুধবার) রাজধানীর কেল্লার মোড়স্থ খেলাফত মিলনায়তনে খেলাফত আন্দোলন লালবাগ থানা শাখা আয়োজিত ‘মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। লালবাগ থানা আমীর মাওলানা সাইফুল ইসলাম জামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতী সুলতান মহিউদ্দীন, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমী প্রমূখ।

মুফতী সুলতান মহিউদ্দীন বলেন, ইবাদত-বন্দেগীর মাধ্যমে মানুষের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। ইবাদত-বন্দেগীর মাধ্যমে মানুষকে অপরাধপ্রবণতা থেকে দূরে থাকার, মুত্তাকী হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। রমজানে মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জনের প্রশিক্ষণ অনুযায়ী বাকি এগার মাসও যেন আমরা অন্যায়-অপরাধ থেকে বেঁচে থাকতে পারি। সমাজের মানুষকে আল্লাহর ইবাদতমূখী করতে হবে। মানুষ যখন আল্লাহমূখী হবে তখন সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল সম্ভব হবে।

মাওলানা মাহবুবুর রহমান বলেন, আল্লাহ তা’আলার কাছে রোজাদাররা অত্যন্ত প্রিয় লোক, অত্যন্ত আপনজন। রাব্বুল আলামীন নিজে রোজাদারদের প্রতিদান দিবেন। তাদের জন্য অসংখ্য পুরষ্কারের কথা হাদীসে এসেছে। যে ব্যক্তি হক্ব আদায় করে রোজা রাখবে তার বিনিময়ে আল্লাহ তাকে মুত্তাকী এবং আল্লাহওয়ালা বানিয়ে নিবেন। এজন্য প্রকাশ্য ও অপ্রকাশ্য সব ধরনের গুণাহ থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়ার যুগে রোজা রেখেও অনর্থক স্ট্যাটাস, দোষচর্চা, অশ্লীল ভিডিও, পরনারীর প্রতি দৃষ্টিপাত ইত্যাদিতে লিপ্ত থাকে অনেকেই। মুত্তাকী হতে হলে এসবকিছু পরিহার করতে হবে। তিনি রমজানের বাকি দিনগুলো সঠিকভাবে কাজে লাগাতে এবং হাফেজ্জী হুজুর রহ. এর আদর্শে উজ্জীবিত হয়ে খাঁটি মুসলমান হওয়ার সাধনায় লিপ্ত হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান।

আরো..