https://www.a1news24.com
১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৪

মৌলভীবাজারে কবি, প্রকৌশলী ও শিক্ষাবিদ শেখ নুরুল ইকবাল স্মরণসভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারে কবি, প্রকৌশলী, শিক্ষাবিদ এবং তৎকালীন মৌলভীবাজার মহকুমার প্রথম ছড়াকার মরহুম শেখ নুরুল ইকবাল স্মরণে এক ব্যতিক্রমধর্মী স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড. সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে মরহুম শেখ নুরুল ইকবালের জীবন, কর্ম ও সাহিত্যকীর্তি নিয়ে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ পাঠ করেন তরুণ্যের প্রতিকৃৎ কবি ও ছড়াশিল্পী মিনারা আজমী।

শুরুতেই হাফিজ মাওলানা দিলশাদ আহমদের পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মিরপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য সচিব খিজির মুহাম্মদ জুলফিকারের সঞ্চালনায় স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ আব্দুল ওদুদ, রাজনৈতিক ব্যক্তিত্ব নাজিমুদ্দিন নজরুল, অধ্যক্ষ মো. মহসিন, সাংবাদিক আনহার আহমদ সমশাদ, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুল, কবি বদরুল আমিন চৌধুরী সুফি, নাট্যকার খালোদ চৌধুরী, সাংবাদিক শাহ নেওয়াজ চৌধুরী সুমন, মশাহিদ আহমদ, বদরুল হাসান জোসেফ , সামাজিক ব্যক্তিত্ব সৈয়দ রুহুল আমিন, শিক্ষক শেখ ইশতিয়াক আহমদ, কবি জুনেদ জামান, হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক খছরু চৌধুরী, ব্যবসায়ী আব্দুল হান্নান, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেওয়ান মোনাকিব চৌধুরী এবং মরহুমের ছাত্র মো. সালেহ আহমদসহ প্রমুখ।

স্মরণসভাটি ছিল নানা দিক থেকে ছিল ব্যতিক্রমী। বিশেষ করে সভাপতির পাশাপাশি মঞ্চে মরহুমের পরিবারের প্রতিনিধিত্ব করে আসন গ্রহণ করেন তাঁর সন্তান মিজানুর রহমান এবং ভাতিজা এখলাছুর রহমান। এতে স্মরণসভায় এক আবেগঘন ও পারিবারিক পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের আরেকটি ব্যতিক্রমী দিক ছিল সময়ানুবর্তিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ। প্রত্যেক বক্তার জন্য দুই মিনিট সময় বরাদ্দ করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করার আহ্বান জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত, সুসংহত ও মূল্যবান বক্তব্য উপস্থাপন করায় শ্রদ্ধা ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম শেফুলের হাতে ‘সময়কে সম্মান, ব্যক্তিত্বের পরিচয়’ শীর্ষক বিশেষ ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এছাড়া সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলা-২০২৬ এ প্রকাশিত লিটলম্যাগ ‘স্বচিন্তা’ ৫ম সংখ্যা-এর একটি কপি মিরপুর গ্রামের আরেক কৃতী সন্তান ও অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এস এম মেহেদী হাসানের হাতে সম্পাদক ও প্রকাশনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তুলে দেন কবি ও ছড়াশিল্পী মিনারা আজমী।

মরহুম শেখ নুরুল ইকবালকে নিয়ে এস এম মেহেদী হাসানের রচিত প্রবন্ধ জাতীয় দৈনিক ‘রূপালী বাংলাদেশ’ এর ১ জুলাই সংখ্যায় প্রকাশিত হয়। অনুষ্ঠানে পত্রিকাটির মুদ্রিত কপি উপস্থিত অতিথিদের হাতে তুলে দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। একই সঙ্গে প্রবন্ধটির ফ্রেমবন্দি একটি কপি মরহুম শেখ নুরুল ইকবালের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

স্মরণসভার সমাপনী পর্বে মরহুম শেখ নুরুল ইকবালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তাঁর পরিবারের পক্ষ থেকে উপস্থিত অতিথি, শুভানুধ্যায়ী ও অংশগ্রহণকারীদের আপ্যায়ন করানো হয়।

আরো..