খেলাধুলা ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে- জিকো খান
নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১৬ দলের অংশগ্রহনে শুরু হয়েছে ‘পাইকপাড়া শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’।গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় পানির ট্যাংকি মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা জাসাস-এর সভাপতি এবং বেঙ্গল ব্রডব্যান্ড লিমিটেড-এর ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মোঃ জিকো খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা জাসাস-এর ক্রীড়া ও শিশু বিষয়ক সম্পাদক এবং ১৭ নং ওয়ার্ড জাসাস-এর সভাপতি রিয়াজ উদ্দিন হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিকো খান বলেন, “মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের শর্টপিচ টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সবসময়ই সুস্থ ধারার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন হোসেন বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে পাইকপাড়ার মাটিতে ১৬টি শক্তিশালী দল নিয়ে এই আয়োজন করতে পেরেছি। পুরো টুর্নামেন্টটি লিগ সিস্টেমে পরিচালিত হবে, যাতে প্রতিটি দল সমানভাবে প্রতিভার স্বাক্ষর রাখার সুযোগ পায়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ কাজী নাঈম, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ সোহেল সরদার, আবুল সরদার, মোঃ দনু হাজ্বী, মোঃ মেহেদী সরদার, মোঃ কাজল সরদার, সদর থানা জাসাস সদস্য ও ১৭নং ওয়ার্ড জাসাস সাধারন সম্পাদক মোঃ সজিব, বিশিষ্ট ব্যবসায়ি মোঃ হবি মৃধা, মোঃ আরিফ ভুইয়া ও মোঃ নিলয় মৃধা।
আয়োজক কমিটি জানিয়েছে, ১৬টি দলের অংশগ্রহণে লিগ পর্যায়ের এই লড়াই শেষে সেরা দলগুলো পরবর্তী রাউন্ডে উন্নীত হবে। উদ্বোধনী ম্যাচে পাইকপাড়া স্পোটিং ক্লাব ও আয়াত স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। হাড়কাঁপানো শীত উপেক্ষা করে ফ্লাডলাইটের আলোয় খেলা উপভোগ করতে পাইকপাড়া ও আশেপাশের এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে ভিড় জমান।