https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫১

ভারত ও পাকিস্তান এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে আজ

ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধের কারণে এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট দল।

ভারত-পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধের কারণে এবারের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট দল। যদিও শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে তারা খেলতে রাজি হয়। এরই মধ্যে গ্রুপ পর্বে পাকিস্তানের মুখোমুখি হয়েছে ‘মেন ইন ব্লু’রা। শুধু ওই ম্যাচই নয়, আরো দুবার পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের। আজ সুপার ফোরে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এরপর ২৮ সেপ্টেম্বরের ফাইনালে তাদের আবারো দেখা হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। দুবাইয়ে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় লড়বে সূর্যকুমার যাদব ও সালমান আলী আগার দল।

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান লড়াই ঘিরে তুমুল বিতর্ক আর সমালোচনা তৈরি হয়। টসের সময় ও ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণ চেয়ে আইসিসির কাছে অভিযোগ জানানো হয়। তাতে আইসিসি সাড়া না দেয়ায় বুধবার দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করে পাকিস্তান। যদিও শেষ পর্যন্ত তারা সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচটি খেলেছে এবং স্বাগতিকদের হারিয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে।

পাকিস্তানের নানা পদক্ষেপের কড়া জবাব দিয়েছে ভারতীয় দল। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত চ্যাম্পিয়ন হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির হাত থেকে পুরস্কার নেবেন না সূর্যকুমার যাদব। রানার্সআপ হলেও পুরস্কার মঞ্চে থাকবেন না, কারণ সেখানে থাকবেন নকভি, যিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘যদি ভারত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ওঠে, তাহলে ভারতীয় ক্রিকেটাররা নকভির সঙ্গে পুরস্কার মঞ্চে থাকবেন না। এসিসি প্রধান হিসেবে নকভিরই চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেয়ার কথা।’

ভারত-পাকিস্তান টানাপড়েনের প্রভাব পড়েছে এবারের এশিয়া কাপে। মাঝের কয়েকদিন এ নিয়ে উত্তপ্ত ছিল এশিয়ার ক্রিকেটাঙ্গন। দুই দেশের ক্রিকেটবোদ্ধা কিংবা সাবেক ক্রিকেটাররাও তর্কে জড়িয়েছেন। এরই মধ্যে আজ মুখোমুখি এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি। আজও হয়তো দুই অধিনায়ক টসের সময় হাত মেলাবেন না কিংবা ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়রা হাত মেলানোর সৌজন্য দেখাতে যাবেন না। এর পরও ভারত-পাকিস্তান ম্যাচ বলেই ২২ গজে তুমুল লড়াই আর উত্তেজনা দেখা যেতে পারে।

আট দলের এবারের আসর থেকে সুপার ফোরে উঠেছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও বাংলাদেশ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে আফগানিস্তানকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সুপার ফোরের টিকিট নিশ্চিত করে শ্রীলংকা। গতকাল রাতে দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে সুপার ফোরের লড়াই।

সুপার ফোরে ওঠা দলগুলো প্রত্যেকেই একে অন্যের বিপক্ষে খেলবে। শনিবারের পর বাংলাদেশের ম্যাচ বাকি থাকবে দুটি—বুধবার ভারতের বিপক্ষে ও পরদিন বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাস ও তার সহযোদ্ধারা। সুপার ফোরে বাংলাদেশের সবগুলো ম্যাচই হবে দুবাইতে। এর আগে গ্রুপ পর্বের সব ম্যাচ তারা খেলেছে আবুধাবিতে।

পাকিস্তানের পরের দুই ম্যাচ যথাক্রমে মঙ্গল ও বৃহস্পতিবার। মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে ও বৃহস্পতিবার বাংলাদেশের মুখোমুখি হবে সালমান আগার দল। বুধবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত, সূর্যকুমাররা শুক্রবার খেলবে শ্রীলংকার বিপক্ষে। সুপার ফোরের লড়াই শেষে সেরা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর রোববার দুবাইয়ে ১৭তম এশিয়া কাপের ফাইনাল।

২০১২ ও ২০১৬ সালে ঘরের মাঠে এবং ২০১৮ সালে আরব আমিরাতে এশিয়া কাপ ফাইনাল খেলার কৃতিত্ব দেখায় বাংলাদেশ। ২০১২ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয় বাংলাদেশ। ২০১৬ ও ২০১৮ আসরের ফাইনালে ভারতের কাছে হেরে যায় টাইগাররা। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ভারতীয়রা। ২০১৮ সালে ওয়ানডে আসরের ফাইনালে লিটন দাসের ১২১ রানের বীরোচিত ইনিংসে ভর করে ২২২ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। স্নায়ুক্ষয়ী লড়াই শেষে ভারত শেষ বলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে।

চতুর্থবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠতে পারবে কি লিটন দাসের দল?

এশিয়া কাপে ১৬ আসরে আটবার শিরোপা জিতে শ্রেষ্ঠত্বের আসনে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা গেছে দ্বীপদেশ শ্রীলংকায় এবং পাকিস্তান দুবার শিরোপা জিতেছে। ১৭তম আসরের শিরোপা জিতে নেবে কোন দেশ?

আরো..