https://www.a1news24.com
২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩২

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন এসেছে। ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।তার জায়গায় বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন।

রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ডের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ সালাহউদ্দিন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব সামলাবেন।

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদে পরিবর্তন আনা হয়েছে। আশরাফুলকে ওই দায়িত্ব থেকে সরিয়ে বোর্ডের ভেতরে অন্য একটি পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে তার চুক্তি এখনো বহাল রয়েছে।

সালাহউদ্দিনের নিয়োগের বিষয়ে বোর্ড বলেছে, নতুন স্থায়ী ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন ভিত্তিতে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আশরাফুল।

দলের সঙ্গে কাজ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি।আগামী বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। তার আগে ব্যাটিং কোচের দায়িত্বে এই পরিবর্তন আনল বোর্ড।

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর আশরাফুলকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। ওই সিরিজে দুই ম্যাচেই দুইশ রানের আগেই অলআউট হয়েছিল বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতার কারণেই তাকে সরানো হয়েছে কি না, সে বিষয়ে বিসিবির বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

আরো..