https://www.a1news24.com
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:০৬

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল রেকর্ড, মন্ত্রণালয়ের কঠোর প্রতিবাদ

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া অডিও রেকর্ড নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।শনিবার (৩০ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক প্রতিবাদলিপি গণমাধ্যমে পাঠানো হয়।

প্রতিবাদলিপিতে জানানো হয়, ফেসবুক ও অন্যান্য মাধ্যমে প্রচারিত ২৫ সেকেন্ডের ওই অডিও রেকর্ড প্রকৃতপক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার নয়। এটি কৃত্রিমভাবে তৈরি করা বা এআই–জেনারেটেড বিকৃত কণ্ঠ। যে কেউ উপদেষ্টার আসল কণ্ঠ চিনে থাকলে সহজেই বুঝবেন এটি সম্পূর্ণ ভুয়া।

অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুর সম্পর্কিত বিষয়ে অজ্ঞাতনামা এক পুলিশ কর্মকর্তাকে নির্দেশনা দিতে শোনা যায় বলে দাবি করা হচ্ছে। অথচ এ ধরনের প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি সাধারণ জনগণকে ভুল তথ্য দেওয়ার পাশাপাশি জনশৃঙ্খলা বিঘ্নিত করার অপচেষ্টা।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে এ ধরনের কনটেন্ট ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সমাজে গুজব সৃষ্টি হচ্ছে এবং মানুষ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হচ্ছে। মন্ত্রণালয় এমন অসত্য অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে বলা হয়েছে, ভুয়া অডিও বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচার অব্যাহত থাকলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে জনগণকে অনলাইনভিত্তিক গুজবের ফাঁদে না পড়ারও আহ্বান জানানো হয়েছে।

আরো..