https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৩০

শাকিলের স্বপ্নের ‘মানবিক রাষ্ট্র’ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গিকার

শহীদ জুলফিকার আহমেদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলি

৭ আগস্ট ২০২৫, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

২০২৪ সালের ৪ আগস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের উত্তাপে আন্দোলন পরিণত হয় একদফার লড়াইয়ে। সেই সময়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে শাকিলকে গুলি করে পেটোয়া পুলিশ ও সরকারি বাহিনী। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ তিনদিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে ৭ আগস্ট, বুধবার, বেলা তিনটায় তিনি শহীদ হন।

শহীদ জুলফিকার আহমেদ শাকিল ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এর চারুকলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। শাকিল বেড়ে উঠেছিলেন মিরপুরের ‘আমাদের পাঠশালা’ নামক বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠানে। তাঁর জীবন ছিল সংগ্রামে গড়া—স্বপ্ন ছিল মুক্ত মানুষের বাংলাদেশ।

শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা সহ-সভাপতি ছাত্রনেতা সৌরভ সেন বলেন,”শহীদ শাকিল ছিলেন মুক্তিকামী মানুষের প্রতিনিধি। তিনি তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। দেশের প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অধিকার নিশ্চিত করতে তিনি ছিলেন আপসহীন।”

তিনি আরও বলেন,”শহীদ শাকিল যে আকাঙ্ক্ষায় আত্মত্যাগ করেছেন—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে—সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সর্বশক্তি দিয়ে লড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সৃজয় সাহা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা, দপ্তর সম্পাদক অপূর্ব রায়, কার্যকরী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা এবং জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও শ্রদ্ধাঞ্জলিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ কমিটির সদস্য শেখ সাদী, তাহমিদ আনোয়ার, সরকারি কদম রসুল কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক অনামিকা চৌধুরি, ভোলাইল শাখার যুগ্ম আহ্বায়ক স্বপ্নীল শোভন, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ, ফতুল্লার সংগঠক সিয়াম সরকারসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আরো..