https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৩

৫ আগস্টের পর অপুর সাথে কথা হয়নি, চাঁদাবাজিতে আমার সংশ্লিষ্টতা নেই: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে সাবেক এক নারী সংসদ সদস্যের (এমপি) বাসায় চাঁদাবাজির ঘটনা ঘিরে গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর অভিযোগ নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। এরআগে জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বুধবার। ফেসবুকে ছড়ানো ভিডিওতে উপদেষ্টা আসিফকে অভিযুক্ত করে বক্তব্য দেওয়া হয়। অবশ্য এরই মধ্যে অপুর স্ত্রী আনিসা দাবি করেছেন, জোর করে এই ভিডিও করে উপদেষ্টাকে ফাঁসানো হচ্ছে।

সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘চাঁদাবাজির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই, যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। একজনের (অপু) যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।’

তিনি বলেন, ‘তার (অপু) স্টেটমেন্টে আমার নাম আসার পর একরকম অবাক হয়েছি। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার সাথে কোনো কথা হয়নি। তার স্ত্রী পরিচয়ে একজন আজ বলেছেন, তাকে জোর করে গুম করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে। গোয়েন্দাদের পক্ষ থেকেও এমন শুনছি যে, গুম করে নিয়ে এমন স্টেটমেন্ট নেওয়া হয়েছে। ৫ আগস্টের পর এমন ঘটনা মেনে নেওয়া যায় না।’

আসিফ মাহমুদ বলেন, ‘ওইদিন সকালে ওয়েস্টিনে গিয়েছিলাম কি না, মনে পরে না। তবে হেলমেট পরা যে কাউকে যে কারও সাথে মিলিয়ে প্রশ্ন তোলা যায়।’

উপদেষ্টা আরেক প্রশ্নে বলেন, ‘যাদের রাজনৈতিক পরিচয় আছে, অর্থাৎ আগে রাজনীতি করেছেন বা পরবর্তীতে করবেন বলে চিন্তা আছে, সবারই সরকার থেকে সরে যাওয়া উচিত।’

আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন করার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব। এনসিপিতেই যোগ দেব, নিশ্চিত নয়।’

উপদেষ্টা আসিফ আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের এক বছরে এখন পর্যন্ত না করতে পারার পাল্লাটাই ভারী। জনগণ অভ্যুত্থানের সুফল পেয়েছে, তবে সরকারের পক্ষ থেকে কতটা সুফল পেয়েছে তা বলা কঠিন। জনগণই বলতে পারবে।’

আরো..