হবিগঞ্জ প্রতিবেদক: হবিগঞ্জ পৌর এলাকায় এনসিপি-বিএনপির পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে।
অপরদিকে, হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময় ও একই স্থানে শান্তি প্রতিষ্ঠার সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। ফলে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা, সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি এবং আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতাবলে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি, পিকেটিং, মাইকিং, স্লোগান এবং উচ্চ শব্দে প্রচারণাসহ আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসনের আদেশে আরও বলা হয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।