ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: স্থায়ী গণতন্ত্র ছাড়া পিআর পদ্ধতি কখনো ভালো ফল বয়ে আনে না। বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। পিআর পদ্ধতির বিপক্ষে দলের (বিএনপি’র) অবস্থানকে সঠিক দাবি করে এই মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকার নিয়ে পঞ্চগড় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ঘরে ঘরে, জনে জনে কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এর আগে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, তাহলে যে কর্মসূচিগুলো পালন করবে- তা আমাদের ৩১ দফা ও নির্বাচনী পরবর্তী ১৮০ দিনের কর্মপরিকল্পনায় রয়েছে। আমরা সেসব কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশগুলো মানুষের কাছে তুলে ধরছি এবং ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
প্রত্যেকের কাছে আমাদের যাওয়ার উদ্দেশ্য হচ্ছে- জাতীয়তাবাদী দলের কর্মসূচি সম্পর্কে মানুষকে পরিচিত করা বলেও জানান তিনি।
এই কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রচারণায় ২০২৩ সালের ১৩ জুলাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হয়।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম. এ. মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজলসহ দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।