সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ২-০ জয় পেয়েছে বাংলাদেশ। দুটি গোলই করেছেন লাল সবুজ জার্সিতে অভিষিক্ত রোনান সুলিভান। মঙ্গলবার (২৪ মার্চা) মালদ্বীপের রাজধানী মালেতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রোনানের নৈপুণ্যে পাকিস্তানকে ২-০ উড়িয়ে দেয় লাল সবুজদের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। তবে একাধিক সুযোগ তৈরি করেও জালের দেখা পায়নি লাল সবুজরা। অনেক প্রচেষ্টার পর দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে দারুণ এক ফ্রি-কিক শট থেকে বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন রোনান সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে জাল খুঁজে নেন মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এ ফরোয়ার্ড।
৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে ওয়ান অন ওয়ান পজিশনে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন মো. মুর্শেদ আলী। ৬১তম মিনিটে ডি-বক্স থেকে হেডে বাংলাদেশের জালে বল জড়িয়েছিল পাকিস্তান। তবে গোলরক্ষককে ফাউল করায় গোল বাতিল করে দেন ম্যাচ রেফারি।
৬৫তম মিনিটে ডি-বক্স থেকে নেয়া মুর্শেদ আলীর নিচু শট গোলবার ঘেঁষে বাইরে চলে যায়। ৬৭তম মিনিটে লাল সবুজদের ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান। সতীর্থের ক্রস ডি-বক্সে পেয়ে আলতো হেডে জালে জড়ান তিনি।
৮৪তম মিনিটে একটুর জন্য ব্যবধান ৩-০ করতে পারেনি বাংলাদেশ। শ্রী সুমনের ক্রস গোলমুখে পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি নাজমুল হুদা ফয়সাল। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে হয় মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যদের।
এ ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা।