এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে এক দিনের ব্যবধানে ১২ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় একটি ট্রলার, পাঁচটি নৌকা ও পাঁচ হাজার ফুট চরপাটা জাল জব্দ করা হয়েছে।
বন বিভাগ সূত্র জানায়, বুধবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের সদস্যরা অভিযান চালিয়ে সুপতি স্টেশন এলাকার বাদামতলা খাল থেকে একটি ট্রলার ও জালসহ তিন জেলেকে আটক করেন। আটকরা হলেন—জামাল মৃধা, হিরু মৃধা ও দীপঙ্কর। তবে তাঁদের বাড়ির ঠিকানা সূত্রে পাওয়া তথ্যের মধ্যে উল্লেখ নেই।
অন্যদিকে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কোকিলমনি খালের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে পাঁচটি নৌকাসহ আরও নয় জেলেকে আটক করা হয়। এ সময় পাঁচ হাজার ফুট চরপাটা জাল জব্দ করেন বনরক্ষীরা।
আটক নয় জেলে হলেন—কামাল সরদার, সাহেব আলী সরদার, জাবের সরদার, মোজাম্মেল ছানা, খোকন ছানা, মহসিন সরদার, বিল্লাল সরদার, আব্দুর রব ও সাহেব আলী। তাঁদের বাড়ি খুলনার কয়রা উপজেলার বিভিন্ন গ্রামে বলে বন বিভাগ সূত্র জানিয়েছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বৃহস্পতিবার সকালে বলেন, অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় একটি ট্রলার, পাঁচটি নৌকা ও পাঁচ হাজার ফুট চরপাটা জাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।