https://www.a1news24.com
,

সিলেটে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ কার্যক্রমের শুভ উদ্বোধন

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে উদ্বুদ্ধ করতে সিলেটের তামাবিল রোডে অবস্থিত বটেশ্বর বাজারে পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুই দিনব্যাপী ‘ক্যাশলেস বটেশ্বর বাজার’ ক্যাম্পেইন।

মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হওয়া এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো- বাজারে নগদ টাকার ব্যবহার কমিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম তৈরি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধার আওতায় আনা। অনুষ্ঠানে ফিতা কেটে এই ক্যাম্পেনের শুভ উদ্বোধন করেন অতিথি ও ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি শাহপরান গেইট শাখার ব্যবস্থাপক আদনান মাহমুদ চৌধুরী। তিনি ব্যবসায়ী, গ্রাহক ও এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে ক্যাশলেস ব্যাংকিংয়ের নানাবিধ সুবিধা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। আদনান মাহমুদ চৌধুরী বলেন, ক্যাশলেস ব্যাংকিং হলো এমন একটি আধুনিক ব্যবস্থা, যা মানুষকে নগদ টাকা বহনের ঝুঁকি ও ঝামেলা থেকে মুক্তি দেয়। আগে যেখানে নগদ টাকা নিয়ে লেনদেন করতে হতো, এখন মোবাইল ফোনের প্রসারের কারণে পূবালী ব্যাংকের অ্যাপ দিয়ে এই বাংলা কিউআর স্ক্যান করে মুহূর্তেই তা করা সম্ভব। এর ফলে ছেঁড়া-ফাটা নোটের সমস্যা, টাকা বহনের নিরাপত্তা ঝুঁকি এবং খুচরা টাকা নিয়ে ভোগান্তি থেকে ব্যবসায়ীরা মুক্তি পাবেন। এই দুই দিনব্যাপী কর্মসূচিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের হাতে-কলমে এই লেনদেন পদ্ধতি শেখাবেন, নতুন অ্যাকাউন্ট খুলে দেবেন এবং সব ধরনের জিজ্ঞাসার সমাধান করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটেশ্বর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আইয়ুব আলী। তিনি পূবালী ব্যাংকের এই জনমুখী উদ্যোগের প্রশংসা করেন এবং কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ব্যাংকের অফিসার মোঃ আবু মাঈন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বটেশ্বর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবলু আহমদ, অগ্রণী ব্যাংকের ডিজিএম আব্দুল লতিফ, পূবালী ব্যাংকের এডিসি আরএম সাইয়েদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সালিক আহমদ, শামীম আহমদসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করেন বটেশ্বর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম রাব্বানী।

আরো..