https://www.a1news24.com
,

বাগেরহাটে ছাত্রলীগের নিরুত্তাপ অবরোধ, যান চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে জেলার কোথাও অবরোধের সমর্থনে পিকেটিং, সড়কে অবস্থান কিংবা নেতাকর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। খোলা ছিল দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে অনেকটা নিরুত্তাপ পরিবেশেই পালিত হচ্ছে অবরোধ কর্মসূচি। স্বাভাবিক রয়েছে জনজীবন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও বাজার এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ছিল। রিকশা, ইজিবাইক, মোটরসাইকেল, মাহেন্দ্রসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করেছে নির্বিঘেœ। দূরপাল্লার যানবাহন চলাচলেও কোনো উল্লেখযোগ্য বিঘেœর খবর পাওয়া যায়নি।

অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি। শহরের কোথাও পিকেটিং কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনাও ঘটেনি।
এ সময় বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ছাত্রলীগের ডাকা হরতাল জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ আর হরতাল,নৈরাজ্য ও অস্থিতিশীলতা চায় না। আমরা শান্তি, গণতন্ত্র ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার পক্ষে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সব অপতৎপরতার রাজনৈতিকভাবে মোকাবিলা করব।

বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন ছাত্রলীগের হরতালকে আমরা রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করছি। তবে কোনো ধরনের উসকানি বা সহিংসতায় পা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য আমাদের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এদিকে, অবরোধ ঘিরে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বা উদ্বেগের কোনো লক্ষণ দেখা যায়নি। কর্মজীবী মানুষ, ব্যবসায়ী ও পথচারীরা স্বাভাবিকভাবেই তাঁদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘বাগেরহাটে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’সব মিলিয়ে অবরোধের ডাক থাকলেও বাগেরহাট শহরে এর দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি। যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকান্ড স্বাভাবিক থাকায় অনেকটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

আরো..