ভারতের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার মিচেল স্যান্টনার। ডান হাতের হাড়ে চিড় ধরায় সিরিজে খেলা হচ্ছে না কিউইদের সাদা বলের অধিনায়কের। খবর ক্রিকবাজের।
গত রোববার (১৫ নভেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান স্যান্টনার। নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭তম ওভারে আর্শদীপ সিংয়ের একটি ডেলিভারি তার ডান হাতের পেছনে আঘাত হানে। পরে মাঠেই ফিজিওর শরণাপন্ন হন তিনি। তবে ব্যথা নিয়েই ব্যাটিং চালিয়ে যান এবং শেষ পর্যন্ত ২৪ রান করে আউট হন।
পরবর্তী সময়ে স্ক্যান করানোর পর তার ডান হাতের হাড়ে চিড় ধরা পড়ে। ফলে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাকে পাচ্ছে না নিউজিল্যান্ড। তার মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সফরে স্যান্টনারের অংশগ্রহণের বিষয়েও পরে বিস্তারিত জানানো হবে।
স্যান্টনারের পরিবর্তে টেস্ট দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও খেলেছেন তিনি। চলতি বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৮ রানের ইনিংস খেলে একমাত্র টেস্টে নিজের সামর্থ্যের প্রমাণ দেন ফক্সক্রফট।
এ ছাড়া ভারত ‘এ’ দলের বিপক্ষে আনঅফিশিয়াল টেস্ট সিরিজেও দারুণ ফর্মে ছিলেন এই অলরাউন্ডার। চার ইনিংসে তার সংগ্রহ ছিল ৫১, ৪২, ৯৩ ও অপরাজিত ১০ রান। আগামী ১৯ নভেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। এরপর ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।