স্টাফ রপিোটার,বাগরেহাট: বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের কোনো কাজ শুরু না করেই ৫০ লাখ টাকা আত্মসাৎ ও চরম অনিয়মের অভিযোগে স্থানীয় প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। সোমবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই গুরুতর অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মশিউর রহমান সোহেল। তিনি জানান, ৩ কোটি ৮৪ লাখ ৪ হাজার ২১ টাকা অনুমোদিত চুক্তি মূল্যের ব্রিজটির কাজ গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখে শুরু হয়ে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। ঝিনাইদহের কাঞ্চন নগর এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা নিশীথ বসু এই কাজটির কার্যাদেশ পান। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠান আজ পর্যন্ত মাঠপর্যায়ে কোনো কাজ শুরু করেনি।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, স্থানীয় আল আমিন নামের এক ব্যক্তি দলীয় নাম ভাঙিয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে অনৈতিক যোগসাজশ করে ব্রিজের কাজ বাবদ ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর পরোক্ষ আঁতাতে সেতুর নির্মাণকাজ উদ্দেশ্য প্রণোদিতভাবে বন্ধ রাখা হয়েছে।
সেতুটি নির্মিত না হওয়ায় এলাকার সর্বসাধারণ, বিদ্যালয়গামী শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে তাদের। এর আগে গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বারাকপুর বাজারে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন এবং এলজিইডি অফিসে বারবার যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি।
সংবাদ সম্মেলন থেকে অনতিবিলম্বে পুনরায় দরপত্রের (টেন্ডার) মাধ্যমে ব্রিজটির নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে এই দুর্নীতি ও অর্থ আত্মসাৎ ঘটনার সঙ্গে জড়িত ঠিকাদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী, প্রকল্প পরিচালক (পিডি), সিনিয়র প্রকৌশলী এবং অভিযুক্ত আল আমিনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এলাকাবাসী।