https://www.a1news24.com
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৭

পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের কারাদণ্ড

সাফি পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকার ধরলা নদীতে এই অভিযান চালানো হয়। আদালতে নেতৃত্ব দেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। দন্ডপ্রাপ্ত ব্যক্তি রাব্বি হাসান (২২)। তিনি পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের আবু সালামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তারপরেও উপজেলার বিভিন্ন নদী থেকে একটি অসাধু চক্র গোপনে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহন করে আসছে। এমন গোপন সংবাদেও ভিত্তিতে সোমবার সকাল ১১ টার দিকে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাশের নেতৃত্বে পাটগ্রাম থানার উপপরিদর্শক (এস আই) হাসানসহ থানার একদল পুলিশ সদস্য নিয়ে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মাশানটারী এলাকার ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় আদালত নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অভিযোগে পাটগ্রাম উপজেলার উফারমারা গ্রামের রাব্বি হাসান নামের এক ব্যক্তিকে আটক করেন। পরে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। এ সময় পাটগ্রাম থানার পুলিশের একটি দলসার্বিক সহযোগিতা করেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন , বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের দায়ে রাব্বি হাসান নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো..