তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় ছাগল ও ভেড়া পালন কর্মসূচির আওতায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া পালনের জন্য নির্মিত ঘর বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপকারভোগীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তালা উপজেলার মাগুরা ইউনিয়নে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর মাগুরা শাখা-১ এ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), সহযোগিতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণেশ দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) অ্যাডমিন অফিসার ও প্রকল্প সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, সাসের স্মার্ট প্রকল্পের ম্যানেজার বিএম হাবিবুর রহমান, পরিবেশ সমন্বয়কারী শেখ ইমন পারভেজ প্রিন্স, অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স অফিসার মো. সাইদুর রহমান, কৃষি ইউনিটের মৎস্য কর্মকর্তা ইকরামুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মো. ফরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীরা।
প্রশিক্ষণে উপকারভোগীদের ছাগল ও ভেড়া পালন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে উপকারভোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।