https://www.a1news24.com
২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:২০

তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: প্রকৃত মানবতার সৌন্দর্য লুকিয়ে থাকে অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে। সেই লক্ষ্যকে সামনে রেখে সমাজের অবহেলিত, শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন।শুক্রবার (২১ আগস্ট) সকালে সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের বারুইহাটি গ্রামে প্রতিবন্ধী শিশু সিয়াম সরদারকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে। জার্মানি প্রবাসী কামাল হোসেন ও তাঁর বন্ধুদের সহযোগিতায় শিশুটির হাতে হুইলচেয়ারটি তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জার্মানি প্রবাসী কামাল হোসেন, সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের পরিচালক আল আরিয়ান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, অর্থ সম্পাদক এস এম মোতাহার হক শাহিন, সদস্য ইমরান হোসেন, রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জার্মানি প্রবাসী কামাল হোসেন বলেন, “আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক উদ্যোগ ও প্রচেষ্টা হয়তো বিশ্বের সমস্ত দুঃখ-কষ্ট মুছে দিতে পারবে না। তবে তা একজন অসহায় মানুষের জীবনে আশা ও বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা জোগাতে পারে।”

তিনি বলেন, প্রতিটি প্রতিবন্ধী ও অসহায় মানুষের মর্যাদা রক্ষা করা, তাদের মৌলিক চাহিদা পূরণে সহায়তা করা এবং তাদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তোলাই এ পথচলার আসল সার্থকতা। ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সমাজকে আরও সুন্দর, মানবিক ও সহমর্মী করে গড়ে তোলাই তাদের লক্ষ্য।তিনি আরও বলেন, “আপনার একটুখানি সহমর্মিতা ও ভালোবাসা হয়তো কারও জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন।” সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো..