কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা-পিরোজপুরের কাউখালী জনপদের সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরু ব্রেন স্ট্রোক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে,এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। শনিবার(২২আগস্ট) সকাল ৯টায় কাউখালী উত্তর বাজার বায়তুন নাজাত জামে মসজিদের সামনে প্রথম এবং সকাল ১০ টায় কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী শিক্ষানুরাগী আ. লতিফ খসরু। এলাকার মানুষের কাছে তিনি একজন শিক্ষা উদ্যোক্তা বা আলোকিত মানুষ হিসেবে পরিচিত। কাউখালীর তথ্য কেন্দ্র ও সংগ্রহশালার প্রতিষ্ঠাতা এবং আমরাজুড়ি আবাসন প্রকল্পে কাউখালী প্রতিবন্ধী পাঠশালা প্রতিষ্ঠিত করেছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক কাজের অবদানের জন্য জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে সম্মাননা অর্জন করে।
আবদুল লতিফ খসরুর মৃত্যুতে উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক,কাউখালী প্রেসক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।