https://www.a1news24.com
,

তালায় পারিবারিক কলহের জেরে যুবক খুন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে মোঃ হাবিবুর মোড়ল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাবিবুর ওই গ্রামের আব্দুল্লাহ মোড়লের ছেলে।

সোমবার (২ ১জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হত্যাকাণ্ডের সূত্রপাত।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রাত সাড়ে ১০টার দিকে হাবিবুরের স্ত্রী ও মা তাকে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও শরীরজুড়ে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন ছিল।

হাবিবুর মোড়লের পরিবার এখনো হত্যার সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করতে নারাজ। তবে এলাকাবাসীর দাবি, হাবিবুর মাদকাসক্ত ছিলেন এবং ঘটনার আগে স্ত্রী ও মায়ের সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়।

খবর পেয়ে তালা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

আরো..