রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার জাতিসংঘ সড়কের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে আগুন লাগে। খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, খবর পাওয়ার মাত্র কয়েক মিনিটের মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ৫টা ২০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর, সকাল ৯টার দিকে ধোঁয়ার প্রভাবে হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরানের শ্বাসকষ্ট শুরু হলে তাদের রাজধানীর গুলশানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে হাইকমিশনার দম্পতির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে ধোঁয়ার প্রভাবজনিত জটিলতা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।এ ঘটনায় আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।