নগদ এক লাখ ৭৭ হাজার টাকা, ৬ ভরি রূপা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুট
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিকের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোর ঘরের প্রধান দরজার সিটকানি ভেঙ্গে ঘরে প্রবশে করে। পরে ওয়ারড্রব, আলমিরা, ড্রেসিন টেবিলের ড্রয়ার ভেংগে নগদ এক লাখ ৭৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও ৬ ভরি রূপার অলংকার লুটে নেয়। খবর পেয়ে দুপুরে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮ টা থেকে সাড়ে ৯ টার মধ্যে গাজীপুর মহানগরীর (২৪ নং ওয়ার্ড) হাজীবাগ এলাকার টাকশালের উত্তর পাশের সীমানা প্রাচীরের পাশেই প্রবাসী মকবুল হোসেনের বাড়ীর দ্বিতীয় তলায় এ চুরি সংগঠিত হয়।
ভুক্তভোগী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ প্রবাসী মকবুল হোসেনের বাড়ীর দ্বিতীয় তলায় একটি ইউনিটে ভাড়া বাসায় বসবাস করেন। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এবং ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন’র গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঘরে তালা লাগিয়ে তাঁর স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে স্কুলে চলে যায়। স্কুল ছুটির পর ১১ টার দিকে বাসায় এসে প্রধান প্রধান দরজার সিটকানি ভাঙ্গা দেখতে পান। পরে বেড রুমে থাকা ওয়ারড্রব ও ড্রেসিন টেবিল এবং ছেলের ঘরে থাকা আলমিরার কাপড়চোপর ফ্লোরে এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় ওয়ারড্রবের ড্রয়ার এবং আলমিরার দরজা খোলা অবস্থায় ছিল। চোর ঘরে প্রবেশ করে ড্রয়ার ও আলমিরার দরজা ভেংগে কাপড়চোপর এলোমেলো করে নগদ টাকা এক লাখ ৭৭ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ ও ৬ ভরি রূপার অলংকার লুটে নেয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) সহকারী পুলিশ কমিশনার (সদর জোন) সোয়েব মোহাম্মদ বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) শাকিল আহমেদ বলেন, ইতোমধ্যে পুলিশ চুরির ঘটনা নিয়ে কাজ শুরু করেছে।