কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধ এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত এক বছরে কাউনিয়া থানায় তিনজন অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব পালন করেছেন। ঘন ঘন ওসি পরিবর্তনের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় পৃলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোঃ নাজমুল হক ২০২৫ সালের ৭ জানুয়ারি কাউনিয়া থানায় যোগদান করেন। তাঁর দায়িত্বের শেষ দিন ছিল ২০২৬ সালের ১৮ এপ্রিল। এরপর মোহাম্মদ সিহাব উদ্দিন ১৮ এপ্রিল দায়িত্ব গ্রহণ করে ১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে ৮ অক্টোবর ২০২৬ তারিখে বাদল কুমার ম-ল থানার ওসি হিসেবে যোগদান করেন।
স্থানীয়দের অভিযোগ, উপজেলায় মাদক, জুয়া, ছিনতাই, খুন, নারী নির্যাতন, চাঁদাবাজি ও চুরির মতো অপরাধ নিয়ে উদ্বেগ রয়েছে। গত এক বছরে বিভিন্ন বাড়ি, মোটরসাইকেল, বাইসাইকেল, অটোরিকশা ও সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও চুরি যাওয়া মালামাল উদ্ধারে দৃশ্যমান সাফল্য নেই বলে অভিযোগ তাঁদের।
এদিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলার অভাব ও ঘন ঘন দুর্ঘটনায় হতাহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে কাউনিয়া বালিকা বিদ্যালয় মোড়ে প্রতিদিন যানজট সৃষ্টি হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, ট্রাফিক পুলিশ যানবাহনের কাগজপত্র পরীক্ষা করলেও যানজট নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।
এ ছাড়া দূরপাল্লার বাস ও ট্রাকে উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন, বালুবাহী ট্রাকে আবরণ ব্যবহার না করা এবং অটোরিকশার বেপরোয়া চলাচল জনদুর্ভোগ বাড়াচ্ছে। ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে স্কুল শিক্ষার্থীদেরও।অন্যদিকে, মাদকের বিস্তার, বিভিন্ন স্থানে রাতের বেলা জুয়ার আসর এবং প্রেমঘটিত কারণে বাল্যবিয়ের প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ বাদল কুমার মন্ডল জানান, তিনি থানায় যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক করতে পুলিশি টহল জোরদার, মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান, অনান্য অপরাধ দমনে নানামূখি পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি আরো জানান, আইনি সেবা দিতে থানার দরজা সকলের জন্য উন্মুক্ত। তিনি কাউনিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসব সমস্যা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, মাদক ও অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।